মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২২ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন আবদুল্লাহ আল নোমান, দিদার হোসেন ও মেজবাউল আলম।
২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানে থাকা ফার্নিচার, কাঠ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের ধারণা, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।
শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত
বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাশ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি দোকানঘর পুড়ে গেছে, তিনটি দোকানই ফার্নিচারের বলে জানান তিনি। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুনঃ মিরসরাইয়ে ফের বালু উত্তোলনবিরোধী অভিযান, বিনষ্ট ৯ শ্যালো মেশিন
নীলফামারীর ইতিহাস: নীলচাষ থেকে রেল ঐতিহ্য, এক জেলার বহু গল্প
