মোঃ হাসিবুর রহমান (পিরোজপুর):
পিরোজপুরের নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা সংলগ্ন এলাকায় চালবোঝাই একটি ট্রাক খাদে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে এই দুর্ঘটনা ঘটে।
যেভাবে ঘটে দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ টন চাল নিয়ে চলন্ত একটি ট্রাক নাজিরপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের নতুন রাস্তা সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তার একেবারে পাশে চলে যায়। এ সময় বৃষ্টির কারণে নরম থাকা রাস্তার পাশের মাটি ধসে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে চালবোঝাই চলন্ত ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দে ট্রাকটি খাদে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারে এগিয়ে যান। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের উদ্বেগ
স্থানীয়রা জানান, সড়কের পাশের মাটি নরম ও অপ্রশস্ত হওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুত ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের নৈতিকতা শেখাতে দোকানদারবিহীন ‘সততা স্টোর’
