নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদকরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার। তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে সেখানে টংঘর নির্মান করে সেগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিচ্ছিলেন। এভাবে তারা প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে জানান তিনি।
যানজট নিরসনে উচ্ছেদ অভিযান
মামুন সরকার বলেন, অবৈধ এসব স্থাপনার কারনে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। যানজট নিরসন এবং সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান চালিয়ে মহাসড়কের পাশে সওজ এর জমিতে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ অনুমোদন ছাড়াই ‘মেডিকেল কলেজ’ পরিচয় ব্যবহারের অভিযোগ প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিরুদ্ধে
