ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক উজিরপুরে বাঁশের সাঁকো উদ্বোধন ঘিরে বিএনপি নেতাকে নিয়ে সমালোচনার ঝড়

উজিরপুরে বাঁশের সাঁকো উদ্বোধন ঘিরে বিএনপি নেতাকে নিয়ে সমালোচনার ঝড়

উজিরপুরে বাঁশের সাঁকো উদ্বোধন করছেন বিএনপি নেতা শহিদুল ইসলাম খান

মোঃ কাওছার হোসেন (বরিশাল):

বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের নিজস্ব অর্থায়নে নির্মিত বাঁশ ও সুপারি গাছের একটি সাঁকো উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। এই উদ্বোধন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফিতা কেটে সাঁকোটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির এই নেতাকে নিয়ে বিভিন্ন মন্তব্য আসতে শুরু করে।

স্থানীয় সূত্র জানায়, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে বাসিন্দারা নিজেদের অর্থে বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকোটি নির্মাণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নারী-পুরুষের পাশাপাশি বিএনপির কয়েকজন সমর্থক ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার এক বাউলশিল্পী সাঁকোর ওপর দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে স্বরচিত গান পরিবেশন করেন, যা উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করে।

উদ্বোধনের সময় মো. শহিদুল ইসলাম খানকে কাপড় কাটার কাঁচি দিয়ে লাল ফিতা কাটতে দেখা যায়। পরে তাঁর এক সমর্থকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশিত হলে বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনার সূত্রপাত ঘটে।

স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোর উদ্বোধনী ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নানা মন্তব্য

ভিডিওটির মন্তব্যের ঘরে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানান। একজন মন্তব্য করেন, এই উদ্বোধন পদ্মা সেতুর উদ্বোধনকেও ছাড়িয়ে গেছে। আরেকজন লেখেন, পাকা রাস্তার ওপর বাঁশের সেতু দিয়ে যেন ফ্লাইওভার তৈরি করা হয়েছে। কেউ কেউ আবার একে দীর্ঘদিন পরের এক বিনোদনের উপলক্ষ বলে মন্তব্য করেন। সাঁকো উদ্বোধনে কাপড় কাটার কাঁচি ব্যবহারের বিষয়টি নিয়েও অনেকে কৌতুক করেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্য সম্পূর্ণই ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত, সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য নয়।

এ প্রসঙ্গে মো. শহিদুল ইসলাম খান বলেন, স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোটি উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত এবং এলাকাবাসীর চলাচলের সুবিধার কথা বিবেচনা করেই এটি করা হয়েছে।

পৌর বিএনপির অন্য নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে দলটির একাধিক জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদনের ঘটনায় পরিণত হওয়ার আগে একজন গুরুত্বপূর্ণ দলীয় নেতার আরও সতর্ক হওয়া উচিত ছিল।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাঁকো নির্মাণের মূল উদ্দেশ্য যদি মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা হয়, তবে এটি একটি ইতিবাচক উদ্যোগ। তবে এর উদ্বোধন ঘিরে সৃষ্ট আলোচনা-সমালোচনাই এখন এলাকায় বেশি চর্চিত বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন আপনিও। কিভাবে?

মিরসরাইয়ে ‘আল আকসা সরিষা মিল’-এর যাত্রা শুরু

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর