ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home রাজনীতি বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

বগুড়ায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল

মোঃ আব্দুল আলীম (বগুড়া):

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি গণমিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সরকার, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, এনসিপি নেতা এনামুল হক বাবু বিশ্বাস, জাতীয় ছাত্রশক্তি বগুড়ার আহ্বায়ক এ জেড এম শাহরিয়ার জুহিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরের সভাপতি মো. আসগর আলী, মাওলানা আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট শাহিন মিয়া, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সেক্রেটারি সজীবুল ইসলাম সজীব, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা হেদায়তুল ইসলামসহ অন্যান্য নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল রাষ্ট্রীয় ব্যবস্থায় মৌলিক সংস্কার আনা। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষরের পর জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও ক্ষমতায় আসার পর সরকার গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। তিনি সরকারের প্রতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ বলেন, দেশের স্বার্থ ও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোনো ধরনের বিদেশি চাপের কাছে নতি স্বীকার না করে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত। সমাবেশে বক্তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের ফল বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর