মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দেন বক্তারা। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান। এছাড়াও উপজেলা প্রশাসনের আরও বেশ কয়েকজন কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগনও সভায় উপস্থিত ছিলেন।
মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান
আলোচনা সভা শেষে মনোহরদী সরকারি হাসপাতাল ও আশপাশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। ইউনিয়ন পর্যায়েও এ ধরনের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধের কাজে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন।
আরও পড়ুনঃ লালমনিরহাটে ৩৯৮ বোতল কাশির সিরাপসহ গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী
মনোহরদীতে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মত বিনিময়
