বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে মাদক বিক্রির অভিযোগে মো. আহসান উদ্দিন আলমগীর ওরফে আপেল সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সোনারায় বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপর দুজন হলেন দক্ষিণ চিকনমাটি দোলাপাড়া এলাকার আকতার উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন (৩৫) এবং সোনারায় দোলাপাড়া এলাকার মো. মাহফুজার রহমান রাজার ছেলে মো. আবু সাইদ (২৫)। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
আহসান উদ্দিন আলমগীর আপেল ডোমার সদর ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন উচ্চ বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক। তিনি সোনারায় ধনীপাড়া গ্রামের মৃত খুরশিদ আলমের ছেলে। পুলিশ জানায, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা সোনারায় বাজারে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রি রত অবস্থায় আপেল ও তার দুই সহযোগীকে আটক করা হয়।
ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রায়হানুল হক প্রধান ইউসুফ বলেন, ‘তার (অভিযুক্ত শিক্ষক) বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ পেয়েছি। এর আগেও তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি মুচলেকা দিয়ে স্কুলে যোগদান করেন।’ ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে সোনারায় বাজার থেকে আপেল মাস্টার সহ তিন জনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। এর আগেও তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা চলমান রয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ও গ্রেফতারকৃত তিন জনের কোন মতামত নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান
লালমনিরহাটে ৩৯৮ বোতল কাশির সিরাপসহ গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী
