বিশেষ প্রতিনিধিঃ
জেলার সাতটি ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহনে নীলফামারীতে সাত দফা দাবি নিয়ে সমাবেশ করেছে দলিল লেখক সমিতি । শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন চিলাহাটি সমিতির আতিকুর রহমান আতিক, ডোমার সমিতির মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, ডিমলা সমিতির সাইফুর রহমান, ডোমার সমিতির আসাদুজ্জামান মিঠু, কিশোরগঞ্জ সমিতির আব্দুস সামাদ ও সৈয়দপুর সমিতির একরামুল হক।
পেশাচ্যুতি ঠেকাতে ও সম্মানী বাড়াতে দাবি
সমাবেশে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা এবং দলিল প্রতি সম্মানী ভাতা হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান সহ বিভিন্ন দাবি জানানো হয়।
লাইসেন্সবিহীন দলিল মুসাবিদা বন্ধের দাবি
জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তার বক্তব্যে লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ যেন দলিল মুসাবিদা করতে না পারে এবং থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া দলিল লেখক লাইসেন্স না দেওয়ার দাবি জানান।
আরও পড়ুনঃ সয়দাবাদে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ, বিএনপি নেতাদের জড়িত থাকার দাবি