যাত্রাবাড়ী থানা প্রতিনিধিঃ
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাড়িবহর যমুনা সেতু অতিক্রম করে সিরাজগঞ্জের উদ্দেশে চলে যাওয়ার পর রাজধানীর সায়দাবাদ এলাকায় জামায়াত নেতা আব্দুস সবুর জোহরের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করা হয়েছে বলে দাবি করেছেন দলীয় নেতাকর্মীরা।
মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার অভিযোগ
অভিযোগে বলা হয়, শনিবার জোহরের নামাজ আদায় শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার সময় একদল হামলাকারী তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিন ব্যক্তির নাম উল্লেখ করে অভিযোগ জামায়াত নেতাকর্মীদের
জামায়াতের নেতাকর্মীদের দাবি, হামলার নেতৃত্বে ছিলেন পারভেজ, হাসান ও আলামিন নামের তিন ব্যক্তি, যাঁরা সায়দাবাদ এলাকার স্থানীয় বিএনপি নেতাকর্মী বলে তাঁরা অভিযোগ করেন। তাঁদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও দাবি করা হয়েছে।
লংমার্চ ঘিরেই ছিল হামলার পরিকল্পনা
দলটির আরও অভিযোগ, সকাল থেকেই লংমার্চকে কেন্দ্র করে হামলার চেষ্টা চলছিল, তবে সেই সময় এলাকায় লোকসমাগম বেশি থাকায় হামলাকারীরা সুযোগ পায়নি বলে তাঁরা দাবি করেন। পরে লংমার্চের গাড়িবহর সিরাজগঞ্জের দিকে চলে গেলে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে দাবি করেন তাঁরা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষনিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুনঃ মিরপুরে চলন্ত বাসে আগুন, নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস
সৈয়দপুরে লোগো সংবলিত ভিডিও প্রচার নিয়ে প্রশ্ন, ব্যবস্থা নেওয়ার দাবি