ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের বাঘারপাড়া উপজেলার ৬ নম্বর দোহাকুলা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়সংগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আব্দুস সাত্তার নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। আব্দুস সাত্তার উপজেলার বহরমপুর গ্রামের মৃত গফুর মোল্লার ছেলে এবং ওয়ার্ড বিএনপির সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, গত ৩১ আগস্ট দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বাঘারপাড়ার খলসী বাজারে অবস্থিত তাঁর প্রতিষ্ঠান মেসার্স ইরা ট্রেডার্সের নামে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। তাঁর আবেদনের নম্বর বাঘারপাড়া-৫১।

আব্দুস সাত্তার জানান, তিনি দীর্ঘ ২৮ বছর ধরে সার ও কীটনাশকের ব্যবসা করছেন। ২০১৭ সালে তিনি ৬ নম্বর খলসী ওয়ার্ড বিএনপির সভাপতি হন। তাঁর অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি বিভিন্ন ব্যবসায়িক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। রাজনৈতিক হয়রানি, মামলা ও কারাভোগের কারণে তাঁর পরিবার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সার ও কীটনাশকের ব্যবসাই তাঁর আয়ের প্রধান অবলম্বন। কিন্তু সার ডিলার হিসেবে অনুমোদন না পাওয়ায় ব্যবসা পরিচালনায় সংকটে পড়েছেন তিনি। তাঁর দাবি, বর্তমান সরকারের সময়ে সার ডিলার নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।

আব্দুস সাত্তারের অভিযোগ, দোহাকুলা ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়া আব্দুর রশিদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের গাড়িচালক মিজানুর রহমান মিজানের ভাই বলেও দাবি করেন আব্দুস সাত্তার। তাঁর ভাষ্য, আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় সার ব্যবসা পরিচালনা করছেন এবং তাঁর প্রতিষ্ঠানের নাম জিএম ট্রেডার্স। আব্দুস সাত্তার প্রশ্ন তোলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে কী কী যোগ্যতা ও শর্ত বিবেচনা করা হয়েছে, তা জনসমক্ষে পরিষ্কার করা প্রয়োজন। তাঁর মতে, কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষ নয়, বরং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়সংগত মূল্যায়ন নিশ্চিত করাই মূল বিষয়।

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে বাঘারপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে যশোরের জেলা প্রশাসক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাননি বলে দাবি করেন তিনি। এ কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদ সম্মেলনে আব্দুস সাত্তার যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সুরাহা দাবি করেন।

তাঁর দাবিগুলোর মধ্যে রয়েছে, দোহাকুলা ইউনিয়নে সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা, নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগ্যতা ও ডিলারশিপের বৈধতা যাচাই, সরকারি নীতিমালা ও শর্ত অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখা এবং অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া। পাশাপাশি যোগ্য আবেদনকারীদের ন্যায্য সুযোগ দেওয়া এবং কৃষকদের স্বার্থে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

আব্দুস সাত্তার আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ন্যায়সংগত সিদ্ধান্ত নেবে। তাঁর মতে, সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রতিকার করা জরুরি। তবে অভিযোগগুলোর বিষয়ে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি, ৫ কোটি টাকা অনুদান ও বিশেষ ট্রেনের ব্যবস্থা

নাউতারা নদীতে নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, ঝুঁকিতে তিন ইউনিয়নের মানুষ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর