শোভন ভট্টাচার্য্য (নীলফামারি):
নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালানোর দায়ে একটি মুড়ির মিলকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার সদরের বাবুর হাট বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আহসান হাবিব, নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ জুলকার নাইন।
প্রতি ১০ লিটারে কমছিল সোয়া লিটার পেট্রোল
উপজেলা প্রশাসন ও বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স আফতাব ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতাও মেলে। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোলে এক লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার ডিজেলে ১৪০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল।
লাইসেন্স ছাড়াই চলছিল মুড়ির মিল
এ ছাড়া উপজেলার বামুনিয়া ডোমার রোড এলাকার আদিল অটো মুড়ির মিলে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশক লাইসেন্স নেই। পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‘ভোক্তাদের স্বার্থে অভিযান চলবে’: নির্বাহী ম্যাজিস্ট্রেট
এ বিষয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, আফতাব ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে, তাই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলতেই থাকবে বলে জানান তিনি।
আরও পড়তে পারেনঃ পোরশায় পুকুরপাড়ে মাটিচাপা অবস্থায় মিলল কষ্টি পাথর সদৃশ মূর্তি
মিরসরাইয়ে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স, ২৭ আগস্ট যাত্রা
