সানোয়ার রাকিবুল ইসলাম (লালমনিরহাট):
লালমনিরহাটের হাতীবান্ধায় নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সোনালী ব্যাংক চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম সারডুবী এলাকার জহুরুল ইসলাম (৫২) এবং সিংসিমারী শস্যগুদাম এলাকার আব্দুল মজিদ।
যেভাবে ঘটে দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানান, বুড়িমারীগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২) বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের ‘হিরন মোটরস’ শোরুমে ঢুকে পড়লে শোরুম ও বেশ কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চালক আটক, নেশাগ্রস্ত থাকার অভিযোগ
দুর্ঘটনাকবলিত গাড়ি ও ঘাতক ট্রাকচালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। চালক নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুনঃ পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন শাখার নেতাদের শোকজ
