প্রান্ত বসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয়):
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জকসু প্রতিনিধি, বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে যা বলা হয়
মিলাদ ও দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের আত্মার শান্তির জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এই বিশ্ববিদ্যালয় যাঁর কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে, বেগম খালেদা জিয়ার জন্য তাঁরা সব সময় দোয়া করবেন এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন—এই প্রার্থনা করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব শামছুল আরেফিন।
মিলাদ ও দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত
পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমামের পরিচালনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে নারীদের নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জকসু প্রতিনিধি ও বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশ নেন।
আরও পড়ুনঃ ডিমলা থানার ছাদ ধসে আহত পুলিশ কর্মকর্তা
