ডেক্স রিপোর্টঃ
যশোরে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। বুধবার (২৯ জুলাই) ভোররাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এবং তার পাঁচ সহযোগীকে আটক করে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশের অনুরোধে যশোর জেলা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের একাধিক দল যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ডেভিড ইমন ও তার সহযোগীদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমনের সঙ্গে আটক ব্যক্তিরাও অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলার আসামি
পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ব্যবহারসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
আরও পড়ুনঃ বাগেরহাটের খাল রক্ষায় তারুণ্যের জাগরণ, প্রশাসনের প্রতিশ্রুতিতে স্থগিত আন্দোলন
