মিরসরাই প্রতিনিধি:
ট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় বেদেপাড়া এলাকায় আরসিএল ফিল্ডের সড়কে অভিযানটি চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় সিলভার রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের তিনটি বস্তায় ২৫টি পোটলায় রাখা ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। প্রতিটি পোটলায় দুই কেজি করে গাঁজা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা তিন থেকে চার জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান।
আরও পড়ুনঃ বিদ্যুৎ সংকটে ব্যাহত সৈয়দপুরের শিল্প-ব্যবসা, স্বস্তি ফিরছে সরবরাহ বাড়ায়
