মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এ লংমার্চের অংশ হিসেবে মিরসরাই উপজেলা সদরে একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় মিরসরাই উপজেলা জামায়াতের কার্যালয়ে এ প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবির। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মো. আবু তাহের, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মো. নুরুল হুদা হামিদী, কুতুব উদ্দিন শিবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও মিরসরাইয়ের পথসভা সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্ব দেন তাঁরা।
মো. নুরুল কবির বলেন, লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এরই মধ্যে মিরসরাই থানা পুলিশের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশের সঙ্গেও মতবিনিময় করা হবে। তিনি জানান, লংমার্চের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে ধুমঘাট সেতু থেকে বড় দারোগারহাট বাজার পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করবেন। একই দিন মিরসরাই সদরের পথসভায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে তিনি জানান।
পথসভা সফলভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে বিভিন্ন দায়িত্ব ভাগ করে একাধিক কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নুরুল কবির। তাঁর ভাষ্য, নেতাকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ভালুকের ঘুম ভাঙ্গানোর অপরাধে ৭ লাখ টাকা জরিমানা নাবিকের
