বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই দিন সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শৈশব থেকেই দৃষ্টি সুরক্ষায় সচেতনতার আহবান
আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমান শেখ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম এবং ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান সহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তব্যে বক্তারা বলেন, চোখ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখতে শৈশব থেকেই সচেতনতা জরুরি। শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি কমানোর পাশাপাশি পুষ্টিকর খাবার ও দেশীয় ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করতে সকলকে আহবান করেন বক্তারা।
চক্ষু পরীক্ষা ক্যাম্পে বিনামূল্যে সেবা
আলোচনা সভা শেষে সদর উপজেলার ইটাখোলা মুন্সিপাড়ায় আয়োজিত কম্বাইন্ড চক্ষু পরীক্ষা ক্যাম্প পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম তাদের স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম তুলে ধরে জানান, গত এক বছরে জেলার ছয়টি উপজেলায় ব্র্যাকের উদ্যোগে ৯৩৬টি চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এসব ক্যাম্পে ৩৫ থেকে ৫৫ বছর বয়সী ৫৭ হাজার ৫০২ জন মানুষকে বিনামূল্যে সেবা দেওয়া হয়েছে।
তিনি জানান, পরীক্ষা-নিরীক্ষায় ২১ হাজার ৮৪৫ জনের নিকট দৃষ্টির সমস্যা শনাক্ত করা হয়। এর মধ্যে ১১ হাজার ৪৯৮ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসাপত্র ও পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ বাসকের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হলেন মিরসরাইয়ের আবদুল মন্নান জানু
হাতীবান্ধায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা ও সচেতনতা সেমিনার