হাতিবান্ধা উপজেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটে সার সরবরাহ নিশ্চিত করা এবং সার সিন্ডিকেট বন্ধের দাবিতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
কৃষকদের অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পথচারী, যাত্রী ও পরিবহন চালকরা।
কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে চাহিদা অনুযায়ী বাজারে সার পাওয়া যাচ্ছে না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না তারা। এতে ফসলের উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। তাদের দাবি, বাজারে অসাধু ব্যবসায়ীদের সার সিন্ডিকেট বন্ধ করে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তারা আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং উদ্ভূত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের আশ্বাসের প্রায় এক ঘণ্টা পর কৃষকরা সড়ক ছেড়ে দেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সার সংকটের অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস বলেন, “এ এলাকায় সারের কোনো সংকট নেই।”
আরও পড়ুনঃ মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী
