যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ
রাজধানীর মিরপুরে অবৈধ নির্মাণ এবং আবাসিক ভবনে নিয়ম বহির্ভূত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি দোকান সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই অভিযানে নকশা বহির্ভূত ভাবে নির্মিত কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজউকের জোন-৩/২-এর উদ্যোগে পশ্চিম কাফরুল, শেওড়াপাড়া, সেনপাড়া পর্বতা ও মিরপুর-১৩ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ও রাজউকের জোন-৩/২-এর অথরাইজড অফিসার মাসুক আহমেদ। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান পরিদর্শক ও পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্র জানায়, অভিযানে মোট ছয়টি ভবন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে একটি আবাসিক বহুতল ভবনে অনুমোদন বহির্ভূত ভাবে পরিচালিত ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করা হয়েছে। এ ছাড়া অন্য একটি ভবনের মালিকের কাছ থেকে এক মাসের মধ্যে আবাসিক অংশে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে স্থান খালি করার লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে।
অভিযানের সময় নকশা বহির্ভূত ও নিয়ম লঙ্ঘন করে নির্মিত কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ ডেসকোর সহায়তায় বিচ্ছিন্ন করা হয়। এসব ভবনের বৈদ্যুতিক মিটার তাৎক্ষণিকভাবে ডেসকো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজউক জানিয়েছে, জনস্বার্থে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে অবৈধ নির্মাণ এবং আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।