নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. রিপন কাজী (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকায় রিপন কাজীর বাড়ির সামনের বালুর মাঠে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে গঠিত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন কাজীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিপন কাজী ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজী ও মৃত সুফিয়া বেগমের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পিসিপিআর (Previous Conviction and Police Record) যাচাই করে তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতার রিপন কাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ লালমনিরহাটে সার সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ, কৃষকদের বিক্ষোভ
মিরসরাইয়ে মারকাজুত তাহফিজ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী
